বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডাক্তারের গাড়ি চাপায় পথচারীর মৃত্যু

Accident_sm_492333041ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক গাড়ি চাপায় পথচারীকে মেরে ফেলেছেন। ঢাকার হাতিরপুলে তার প্রাইভেটকারের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান (৪৫) একটি হোটেলের কর্মচারী ছিলেন।

প্রাইভেটকারটির মালিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এ কে এম শফিউজ্জামান। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি আবু বকর বলেন, “ডা. শফিউজ্জামান নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি ফুটপাতে উঠে যায়। এ সময় সেখানে থাকা আতাউর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।”

চিকিৎসকের লোকজনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে আতাউরকে মৃত ঘোষণা করা হয়।

তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন