গাজীপুরের কাপাসিয়ায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে স্বামী শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ স্বজনদের।
কাপাসিয়া থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার বরচালা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নাজমা বেগম (১৯) ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। এ বছর শরিফ মমতাজউদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন নাজমা।
ঘটনার পর থেকে নাজমার স্বামী আতাবুদ্দিন (৩০) পলাতক বলে এসআই আজহার জানান।
নাজিম উদ্দিন বলেন, প্রায় দেড়মাস আগে পরিবারের অমতে রাজমিস্ত্রি আতাবুদ্দিনকে বিয়ে করে বাড়ি থেকে চলে যায় নাজমা। বুধবার কলেজ থেকে উপবৃত্তির আড়াই হাজার টাকা তুলে বাসায় ফিরলে তার কাছে ওই টাকা চায় আতাবুদ্দিন। নাজমা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“পরে রাতে নাজমাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের আম গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আতাব পালিয়ে যায়।”
এসআই আজাহারুল বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না। তবে নাজমার গলায় আঙুলের ছাপ রয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


