বুধবার ৪ নভেম্বর ২০২৬

জামিন বহাল, মুক্তি পাচ্ছেন না রিজভী-দুদু

photo-1432808673এখনই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর। তাদের বিরুদ্ধে নাশকতার ৯ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে আরো মামলা থাকায় মুক্তি পাচ্ছেন না তারা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলায় রিজভীর ও চার মামলায় শামসুজ্জামানের জামিন বহাল আছে। একটি মামলায় রিজভীর জামিন স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। আদালতে বিএনপির নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন।

সগীর হোসেন বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত। একটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে। খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে ওই মামলাটি করা হয়। আরও দুটি মামলার শুনানি আগামী সপ্তাহে হবে।

আইনজীবী বলেন, চারটি মামলায় শামসুজ্জামান দুদুর জামিন বহাল রয়েছে। আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

আরও পড়ুন