বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিডিউল না পাওয়ায় বিপাকে বেসরকারি হজ এজেন্সি

hajjflite_1318১৬ আগস্ট শুরু হচ্ছে হজ ফ্লাইট। এরই মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুকদের ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয়েছে। তবে এখনো বেসরকারি ব্যবস্থাপনার ৯৭ হাজার ১৯০ হজযাত্রীর ফ্লাইট শিডিউল পায়নি হজ অফিস। এতে বিপাকে পড়েছে বেসরকারি হজ এজেন্সিগুলো।

হজ অফিস সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট সকাল ৮টা ৩৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে। কিন্তু এখনো পূর্ণাঙ্গ ফ্লাইট শিডিউল পায়নি হজ অফিস। মাত্র ছয়দিনের আটটি ফ্লাইটের শিডিউল পাওয়া গেছে। এসব ফ্লাইটে শুধু সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা যাবেন। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনার কোনো ফ্লাইট শিডিউল পায়নি হজ অফিস। বাংলাদেশ বিমান এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের পূর্ণাঙ্গ ফ্লাইট শিডিউল ঘোষণা করার কথা।

এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার এক চিঠিতে বলা হয়েছে, সৌদি আরব থেকে কাউন্সিলর (হজ) জানিয়েছেন, এখনো পাঁচটি এজেন্সির মালিক বাড়ি ভাড়া করার জন্য সৌদি আরবে পৌঁছেননি। পাশাপাশি ৭৮৩টি এজেন্সির মধ্যে ৪৩৭টি এখনো বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করেনি। ৩৪১টি এজেন্সি সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন করে বারকোড নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। এ পর্যন্ত ৫০ হাজার হজযাত্রীর বারকোড সংগ্রহ করা হয়েছে। যেসব এজেন্সির প্রতিনিধি এখনো সৌদি আরবে যাননি, তাদের অবিলম্বে দেশটিতে গিয়ে বাড়ি ভাড়া করার নির্দেশ দেয়া হয়েছে।

হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরকারি হজযাত্রীদের ফ্লাইট শিডিউল পাওয়া গেছে। বেসরকারি ব্যবস্থাপনার ফ্লাইট শিডিউল এখনো পাওয়া যায়নি। হজযাত্রীদের তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কোটা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনে উপযুক্ত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার পূর্ণাঙ্গ পুলিশ প্রতিবেদন প্রকাশ করে হজ অফিস। এতে ৯৭ হাজার ১৯০ জনকে হজে যাওয়ার উপযুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছে ৬৯৭ জনকে; এর মধ্যে ৫৪৯ জনের নাম-ঠিকানা পাওয়া যায়নি এবং ১৪৮ জনকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। আর তদন্তাধীন রয়েছেন ৪ হাজার ৩৪০ হজযাত্রী।

সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ ১৪৩৬ হিজরি) এ বছর হজ পালিত হবে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু ১৬ আগস্ট। শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।

আরও পড়ুন