পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক রিয়াজ পারভেজের নেতৃত্বে বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদিন। এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, এস এম ছায়িদ উল্লা, নূরে আলম সিদ্দিকি, মিজানুর রহমান মিজান, খবর আলী, ধনঞ্জয় কুমার সেন, মো. আলাউদ্দিন, রিনা রানী সাহা, র্ঝণা রানী ম-ল, সালমা আক্তার প্রমুখ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রধান শিক্ষক পদে প্রথম নিয়োগের সময় (Entry level) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর দশম গ্রেডে ৮০০০-১৬,৫৪০/- টাকার স্কেলসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রধান শিক্ষকদের নামীয় (By level) গেজেট প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা। ১ম/২য়/৩য় টাইম-স্কেলপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের করেসপন্ডিং (Corresponding) স্কেলে বেতন নির্ধারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা জারী করা। প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসি’র আওতাভুক্ত রাখা। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করে প্রধান শিক্ষক থেকে উপরের পদসমূহে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতি-নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।


