রাজধানীর খিলগাঁও থানা এলাকায় দিনদুপুরে বাসায় ঢুকে নিলয় চক্রবর্তী নীল (৪০) নামের এক গণজাগরণমঞ্চের কর্মী ও ব্লগারকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডটি ঘটে শুক্রবার বেলা পৌনে ২টার দিকে উত্তর গোরানের একটি পাঁচতলা ভবনের বাসায়। নিলয় স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। অনলাইনে তিনি লেখালেখি করতেন নিলয় নীল নামে।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মুস্তাফিজুর রহমান। জানান, দুপুরে জুমার নামাজের পরপর দুই দফায় পাঁচজন ঢুকে নিলয়কে হত্যা করে চলে যায়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় আমাদের সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত ব্লগেও লিখতেন। জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন ঢুকে তাকে হত্যা করে।
নিলয় নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।


