ব্লগার নিলয় চৌধুরী (৪০) হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আনসার আল ইসলাম (আল কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) নামে একটি সংগঠন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে [email protected] এই ইমেইল ঠিকানা থেকে।
এতে বলা হয়েছে, আনসার-আল-ইসলামের মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ ও রাসুলের দুশমন নিলয় চৌধুরী নীলকে হত্যা করেছেন। এই অপারেশন খিলগাঁও এলাকায় ৭ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে সম্পন্ন হয়।
আরো যারা আল্লাহ ও রাসুলের দুশমন রয়েছে তাদের হত্যারও হুমকি দেয়া হয়েছে বিবৃতিতে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে বিবৃতিটি আল কায়েদার পক্ষ থেকেই এসেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানে নিলয় চৌধুরীকে (৪০) তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মূলত নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন।


