এশিয়ার সেরা ক্লাবগুলোর লড়াইয়ে চূড়ান্তপর্বের স্বপ্ন নিয়ে এবার কিরগিজস্তান যাত্রা করছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার সকালে বিমানযোগে রওয়ানা হচ্ছে দলটির ফুটবলার-কর্মকর্তারা।
কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য এএফসি কাপের প্লে-অফ বাছাইয়ে অংশ নেবে শেখ জামাল। মামুনুল-নাসিররা এখানে আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক ও ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব।
দেশের মাটিতে চলতি মৌসুমে দুই শিরোপা জেতা হয়ে গেছে। বিদেশেও দলটির সাম্প্রতিক সাফল্য বেশ ভাল। গত বছর ভুটানে কিংস কাপ জয়ের পাশাপাশি ভারতে আইএফএ শিল্ডে রানার্সআপ হয়েছে। এবার এএফসি কাপ মিশন।
শেখ জামালের প্রথম ম্যাচ আগামী ১৩ আগস্ট বেনফিকা এবং ১৫ আগস্ট আলগার বিপক্ষে। দু’টি খেলাই অনুষ্ঠিত হবে বিশকেকের স্পার্টাক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। গ্রুপ চ্যাপিম্পয়ন দল খেলবে প্লে-অফ রাউন্ডে। প্লে-অফ পার হলেই চূড়ান্তপর্বের টিকিট পাওয়া যাবে। কোচ হিসেবে এএফসি লাইসেন্স কোর্স না থাকায় তিনি দলের ম্যাচগুলোতে কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াতে পারবেন না।
গত আসরে এএফসি প্রেসিডেন্টস কাপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তখন খেলা হয়েছে নকআউট পদ্ধতিতে। এএফসি এবার ক্লাবগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে তিনটি করে দল নিয়ে গ্রুপ পদ্ধতি প্রচলন করেছে। তুলে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস কাপ।
এএফসি কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে শুক্রবার শেখ জামালের মিডফিল্ডার ও জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, ‘এএফসি কাপে সেরাটা খেলাই আমাদের লক্ষ্য। ক্লাব পর্যায়ে যে দু’টি দল আমাদের প্রতিপক্ষ তাদের বিপক্ষে খেলার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তবে জাতীয় দলের হয়ে ম্যাকাওয়ের বিপক্ষে খেলেছি। বরাবরের মতো সেরাটা দিয়ে চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য প্রতিযোগিতার চূড়ান্তপর্বে খেলা।’
কিরগিজ মিশনে শেখ জামালের হয়ে যাচ্ছেন ২৪ খেলোয়াড় ও ১০ জন কর্মকর্তা।
খেলোয়াড়: মাজহারুল ইসলাম, মাকসুদুর রহমান, শহীদুল আলম সোহেল, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী (অধিনায়ক), দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, রুবেল মিয়া, ওয়েডসন এ্যানসেলমে, এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডার্বোয়ে, কাবিরু আব্দুল্লাহ মুসা ও চিদোজি জনসন।
কর্মকর্তারা: জোসেফ আফুসি (কোচ), মাসুদ পারভেজ কায়সার (সহকারী কোচ), আনোয়ারুল করিম হেলাল (ম্যানেজার), আশরাফউদ্দিন আহমেদ চুন্নু (দলনেতা), ভিক্টর এরিয়েল কোলম্যান (ফিজিক্যাল ট্রেনার), হোসেন মো. সাইফুজ্জামান (ফিজিও), শহীদুল ইসলাম (ম্যানেজার এ্যাডমিন), মাহমুদ হাসান খান (ইভেন্ট ম্যানেজার), শেখ দীপু (ফটোগ্রাফার) এবং শরীফুল হোসেন সুজন (বল বয়)।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


