বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রশাসন কি শুধু মন্ত্রীদের নিরাপত্তার জন্য: ইমরান সরকার

Imran_Friday740সরকার জনসাধারণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রীকে কটূক্তি করার সঙ্গে সঙ্গে অপরাধীকে আটক করা হচ্ছে। কোনো মন্ত্রীকে কটূক্তি করলে অপরাধীকে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্বনামে হত্যার হুমকি দেওয়া হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে কি প্রশাসন শুধু মন্ত্রী-সচিবদের নিরাপত্তা দেওয়ার জন্য? সাধারণ মানুষের জন্য নয়? যদি তাই হয়, তাহলে ঘোষণা দিয়ে বলে দেওয়া হোক যে, প্রশাসন সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নয়।’

শুক্রবার ৭ আগস্ট বিকেলে শাহবাগে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন ইমরান এইচ সরকার।

এর আগে দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় নিলয় নীল নামের ওই ব্লগারকে হত্যা করা হয়। ভাড়াটিয়া বেশে বাসায় ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ব্লগার হত্যায় অপরাধীদের শাস্তি না দিয়ে উল্টো ভিকটিমদের বিদেশ চলে যাওয়ার জন্য প্ররোচিত করা হচ্ছে। একের পর ব্লগারদের নির্মমভাবে হত্যা করা হলেও এ ব্যাপারে সরকার উল্টো ভূমিকা পালন করছে।

‘এর আগে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ কর্মসূচির পর বাসায় ফেরার সময় ব্লগার নিলয়সহ আমাদের অনেক নেতাকর্মীকে ট্র্যাক করা হয়। নিলয় এ কথা খিলগাঁও থানায় জানালেও তাঁকে অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরি (জিডি) করতে নিরুৎসাহিত করা হয়। এমনকি তাঁকে বিদেশে চলে যেতে বলা হয়। এ থেকে আমরা এটাই বুঝতে পারি, সরকারের ওপর মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতায় সমাজে নৈরাজ্য বাড়ছে অভিযোগ করে ইমরান এইচ সরকার বলেন, ‘আজ শুধু ব্লগারদেরই হত্যা করা হচ্ছে না। অসহায় শিশুদেরও নির্যাতন করা হচ্ছে। এমনকি মায়ের পেটেও শিশুকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। এ ধরনের ঘটনাগুলোতে পুলিশ পাঁচ লাখ, ১০ লাখ টাকা খেয়ে অপরাধীদের পালিয়ে যেতে সহায়তা করছে। রাজন হত্যায় সাধারণ মানুষ সোচ্চার হওয়ার কারণে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশাসন স্বপ্রণোদিতভাবে কোনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। এসব আমাদের আরো কঠোর কর্মসূচি দিতে ভাবিয়ে তোলে।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন