ঢাকার সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার ৮ আগস্ট সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সকাল নয়টার দিকে জানান, বিস্ফোরণে দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তাঁদের হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন ফজলুর রহমান (৪৫), পান্না আখতার (২৫) ও দেলওয়ার হোসেন (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পালের ভাষ্য, বিস্ফোরণে ফজলুর রহমানের শরীরের ২৮ শতাংশ, পান্নার ৯৫ শতাংশ ও দেলওয়ারের ৪ শতাংশ পুড়ে গেছে। তিনি জানান, পান্নার অবস্থা আশঙ্কাজনক।
কী ধরনের বিস্ফোরণের আগুনে তাঁরা পুড়ে গেছেন, জানতে চাইলে পার্থ শঙ্কর পাল বলেন, এটা বোঝা যাচ্ছে না। কেউ বলছেন এসি বিস্ফোরণে। কেউ বলছেন বাসার বাসিন্দারা ঘুমিয়েছিলেন, হঠাৎ আগুন ধরে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন দেলওয়ার বলেন, তিনি ও পান্না সম্পর্কে ফজলুর রহমানের ভাগনে ও ভাগনি। তাঁর ঘরে থাকা এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


