বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রেনের ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

_Lash_1চাঁদপুর ও জয়পুরহাটে পৃথক ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। চাঁদপুর থেকে সংবাদদাতা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথে আজ ট্রেনের ছাদ থেকে পড়ে ১৪ বছরের অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরের পরনে ছিলো আকাশি রঙের জিন্টস প্যান্ট এবং লাল রঙের টি শার্ট।

শাহরাস্তি মডেল থানার এসআই সাহাবুদ্দিন জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি উয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় পৌছলে মোবাইল অপারেটর রবি কোম্পানির ইন্টারনেটের ক্যাবলের সাথে লেগে কিশোরটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

চাঁদপুর জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠান বলেন, খবর পেয়ে সেখানে লোকজন পাঠানো হয়েছে। ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জয়পুরহাট থেকে সংবাদদাতা জানান, জেলার আক্কেলপুর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোস্তাফিজুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় হলহলিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর রেলষ্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, নিহত মোস্তাফিজুর রহমানের (৩৩) বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডোমপাড়া গ্রামে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনে মোস্তাফিজুর বাড়ি ফিরছিল। পথে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া ব্রীজের পাটাতনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মোস্তাফিজুর মারা যান।

স্টেশন মাস্টার জানান, নিহতের মরদেহ আক্কেলপুর উপজেলা হাসপাতালে রয়েছে এবং এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন