বুধবার ৪ নভেম্বর ২০২৬

মায়ের কাছে নীলাদ্রির নিথর দেহ, শেষকৃত্য রাতেই

niloly--kkঢাকায় নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের নিথর দেহ পৌঁছেছে তার গ্রামের বাড়িতে, মায়ের কাছে। শনিবার রাত সোয়া ১০টায় নীলাদ্রির মরদেহ পিরোজপুর সদরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামে পৌঁছায়। স্বজনরা জানিয়েছেন শনিবার রাত ১২টার দিকে তার শেষকৃত্য হবে। নীলাদ্রির বোন জয়শ্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন, পারিবারিকভাবে শেষকৃত্যের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

নীলাদ্রির লাশ পৌঁছানোর পর চলিশার গ্রামে চলছে মাতম। ওই গ্রামের সবাই নীলাদ্রিকে চিনত নান্টু নামে। গ্রামের সবাই এককথায় জানালেন, খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল নান্টু।

চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি। এরপর সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি যে নিলয় নীল নামে ব্লগে লিখতেন তাও গ্রামের মানুষের কাছে অজানা ছিল। তবে সবাই জানতেন তিনি ঢাকায় গণজাগরণ মঞ্চের একজন সংগঠক।

পরিবার জানায়, মাত্র সপ্তাহ দুই আগে বাড়ি থেকে ঘুরে গেছেন। ১৯ দিন ছিলেন গ্রামের বাড়িতে। মা অপর্ণা চট্টোপাধ্যায় ছেলেকে ঢাকায় ফিরে যেতে বারণ করেছিলেন, বলেছিলেন বাড়িতে বসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে। নীলাদ্রি বলেছিলেন শ্রীলঙ্কা থেকে ঘুরে এসে বাড়িতে থাকবেন। সেই এলেন তবে লাশ হয়ে। ছেলের লাশকে ঘিরে মায়ের আহাজারি যেন আর থামছেই না।

নান্টুর একমাত্র বোন জয়শ্রী ভাইয়ের কোনো শক্র নেই উল্লেখ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন। জয়শ্রী জানান, ১৯ দিন বাড়িতে থেকে গত ২৫ জুলাই নীলাদ্রি ঢাকায় যান। গত বৃহস্পতিবার রাতে তাঁর ও মায়ের সঙ্গে নীলাদ্রির শেষ কথা হয়।

এলাকার মানুষ বলেন, নীলাদ্রি আর ফিরে আসবেন না। তবে নীলাদ্রির হত্যাকারীদের যথাযথ বিচার করলে তার আত্মা শান্তি পাবে আর কিছুটা হলেও শান্তি পাবে এলাকার মানুষ।

এদিকে, নীলাদ্রি হত্যার বিচার চেয়েছে তার গ্রামবাসী এবং পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে ১৪টি কোপের চিহ্ন পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গলায় ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন