অপারেশনের আগে বলা দিতির কথাগুলোই সত্য হয়েছে। অচিরেই দেশে ফিরছেন তিনি। প্রিয়জনদের সঙ্গে কাচ্চি বিরিয়ানির পার্টিতে অংশ নেবেন জনপ্রিয় এই নায়িকা। ২৯ জুলাই দুপুরে চেন্নাইয়ে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। মায়ের সুস্থতার খবর জানিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন লামিয়া। সঙ্গে ছিল দিতির ছবিও।
লামিয়া তার স্ট্যাটাসে জানান, ‘মা গতকাল স্বাভাবিক খাবার খেতে পেরেছেন। গোসল করেছেন, আড্ডা দিয়েছেন অনেকক্ষণ। জানালায় দাঁড়িয়ে চেন্নাইয়ের সূর্যাস্তও দেখেছেন। খুব তাড়াতাড়ি আমরা দেশে ফিরব।’
চিকিৎসার জন্য ২৬ জুলাই ভারতের চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন দিতি। চেন্নাই যাওয়ার আগ পর্যন্ত বিষয়টি দিতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কেউ তেমন একটা জানতে পারেননি।
ভারতের চেন্নাইয়ের ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমালজি (এমআইওটি) হাসপাতালে শুয়ে চিত্রনায়িকা দিতি কিছু কথা বলেছিলেন তার সহকর্মী ও ভক্তদের উদ্দেশে। সেই কথাগুলো মেয়ে লামিয়া চৌধুরীর ফেসবুক স্ট্যাটাস হয়ে প্রকাশ হয়েছে গণমাধ্যমে।
২৭ জুলাই, অপারেশনের কাঁচির নিচে যাওয়ার দু’দিন আগে, ব্রেন টিউমারে আক্রান্ত দিতি বলেছিলেন, ‘…তাড়াতাড়ি ভালো হয়ে এসে একটা কাচ্চি বিরিয়ানির পার্টি দেব। …মনে হচ্ছে ফাইভস্টার হোটেলে হলি ডে করতে এসেছি। তোমাদের সাথে ভেরি সুন মজা করতে চলে আসব ইনশাল্লাহ…।’
অপারেশনের আগে-পরে মায়ের অনেকগুলো ছবি ফেসবুকে আপলোড করেছেন লামিয়া। প্রতিটি ছবিতে দিতিকে হাস্যোজ্জ্বলভাবে দেখা গেছে। মেয়ে লামিয়া ও ছেলে দীপ্তকে জড়িয়ে দুষ্টু হাসি হাসছেন দিতি। ভেংচি দিয়েছেন। একটিবারের জন্যও তাকে মন খারাপ করতে দেখা যায়নি, ম্লান হয়নি তার মিষ্টি মুখ। কেউ বলে না দিলে বোঝা মুশকিল যে, এটি শুটিং নাকি বাস্তব! জীবন যেন হাসি-খেলার অন্য নাম তার কাছে। অন্যভাবে বললে যে কোনো সমস্যাকে হাসিমুখে মোকাবেলা করার আত্মপ্রত্যয়ী নাম যেন দিতি।
অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়লে দিতির সুস্থতা কামনা করে ফেসবুক তথা গণমাধ্যমে শুভকামনা জানান শোবিজ অঙ্গনের তারকারা। এর মধ্যে একটি স্ট্যাটাস অনেকের হৃদয় স্পর্শ করেছে।
নির্মাতা ফেরদৌস হাসান দিতির সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘একটি ছোট্ট টিউমারের কাছে আমার মা হেরে গিয়েছিলেন, কিন্তু আমার মাকে কেউ চিনত না। তবে দিতিকে সবাই চেনে, তাই তিনি কোনো খুদে টিউমারের কাছে হারতে পারেন না! এত প্রাণবন্ত মানুষটিকে শূন্য করে দিয়ে তোমার কী লাভ? ওকে ফিরিয়ে দাও!’
কোটি ভক্ত, সহকর্মী ও অনুরাগীর মতো ফেরদৌস হাসানের প্রার্থনায় দিতির মস্তিষ্ক থেকে খুদে টিউমারটি কোথায় যেন উড়ে গেল তার হাসির তোড়ে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


