বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফল বিপর্যয় কুমিল্লা বোর্ডে

Comilla--এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে ফল বিপর্যয় হয়েছে। পাসের হার ৫৯ দশমিক ৮০, যা এই বোর্ডে গত ৯ বছরের মধ্যে সবচেয়ে কম।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এক লাখ এক হাজার ৮০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫৯ হাজার ৭৭৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছর বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২৫৪ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয় ১০ হাজার ৫৭৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৯১। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৮৩, মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৪৭।

বোর্ড সূত্রে জানা গেছে, গতবারের চেয়ে এ বছর পাসের হার কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। এ বোর্ডে গত ৯ বছরের ফলাফলে এমন বিপর্যয় আর হয়নি। সারা দেশে গড় পাসের হার ৬৯ দশমিক ৬০। কুমিল্লা বোর্ডে এ হার ৯ দশমিক ৮০ ভাগ কম।

এর আগে ২০১৪ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ, ২০১৩ সালে ৬১ দশমিক ২৯ শতাংশ, ২০১২ সালে ৭৪ দশমিক ৬০ শতাংশ, ২০১১ সালে ৬৮ দশমিক ৬৮ শতাংশ, ২০১০ সালে ৭৩ দশমিক ১৩ শতাংশ, ২০০৯ সালে ৬৬ দশমিক ৯৯ শতাংশ, ২০০৮ সালে ৭৭ দশমিক ৩৩ শতাংশ এবং ২০০৭ সালে ৬৫ দশমিক ৭৫ শতাংশ। ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬০০ জন।

কুমিল্লার উত্তরাঞ্চলের একটি কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রশাসনিক কাজকে গতিশীল করার চেয়ে এ বোর্ড প্রশাসনিক সুযোগ-সুবিধা নিয়েই বেশি ব্যস্ত থাকে। যে কারণে শিক্ষার মান বাড়ানো নিয়ে তাঁদের কোনো উদ্যোগ গত এক বছরে চোখে পড়েনি।’

এ ব্যাপারে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজিতে ফল বিপর্যয় হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। বোর্ডের এবারের ফলাফলে আমি সন্তুষ্ট নই। কেন খারাপ হয়েছে তা খতিয়ে দেখা হবে।’

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার
সাল     পাসের হার
২০১৫     ৫৯.৮০
২০১৪      ৭০.১৪
২০১৩      ৬১.২৯
২০১২      ৭৪.৬০
২০১১      ৬৮.৬৮
২০১০      ৭৩.১৩
২০০৯     ৬৬.৯৯
২০০৮      ৭৭.৩৩
২০০৭      ৬৫.৭৫

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন