ব্যক্তিজীবনে রানি মুখার্জির সবকিছুই যেন চুপিচুপি ঘটে। আদিত্য চোপড়ার সঙ্গে সম্পর্ক থেকেই তো শুরু। বিয়েটাও তো একরকম চুপিসারেই হলো। তার পর থেকে লম্বা সময় একেবারে পর্দার বাইরে। এবারে আবারো গুঞ্জন, সন্তান আসতে যাচ্ছে রানি-আদিত্যর ঘরে। মিসমালিনী, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু গণমাধ্যমের খবরটি অবশ্য এখন পর্যন্ত ‘গুজব’, ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই জানা যায়নি রানি বা তাঁর পরিবারের তরফ থেকে।
গেল বছরের এপ্রিল মাসে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল রানি ও আদিত্যর। এর পর কেবল ‘মারদানি’ ছবিতে অভিনয়, ব্যস। পর্দার আড়ালে চলে গেছেন রানি। ভোগ ইন্ডিয়াকে কয়েক দিন আগে সাক্ষাৎকারে জানিয়েছেন, বিবাহিত জীবনই আপাতত উপভোগ করছেন। বছর পাঁচেক পর হয়তো চলচ্চিত্র নির্মাণে আসবেন, তবে ততদিনে অবশ্যই সন্তানের মা হতে চান তিনি।
রানির ‘প্রেগন্যান্সি’ বিষয়ক (গুজব না সত্যি) আলাপ প্রথম তুলেছে পিংকভিলা। তাদের দাবি, রানির এক ঘনিষ্ঠ বন্ধু লন্ডনে দেখা করেছেন রানির সঙ্গে। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি। বিশেষ একটি মেসেজও নিচ্ছেন, যেটি প্রেগন্যান্সির জন্যই নেওয়া হয়ে থাকে। ব্যস, গল্প জমতে আর কী লাগে!
এ বিষয়ে এখন পর্যন্ত ‘অফিশিয়াল’ কোনো তথ্য পাওয়া যায়নি। রানির মুখপাত্র জানিয়েছেন, রানি এখন দেশের বাইরে। সুতরাং এ অবস্থায় কোনো ধরনের মন্তব্য করা সম্ভব নয়।
এদিকে কয়েকদিন আগে নিজের কর্মপরিকল্পনা নিয়ে রানি জানিয়েছেন, পরিচালনা বা প্রযোজনায় তিনি ইচ্ছে করেই নামছেন না। আর সেটা অনেকটাই আদিত্য কিংবা যশরাজ ফিল্মসের কথা মাথায় নিয়ে। ‘আমাকে কেউই বাধা দেবে না। আদিও (আদিত্য চোপড়া) কখনো না বলবে না। কিন্তু ও কীভাবে কাজ করে আমি দেখছি। স্টুডিওতে ও সবচেয়ে পরিশ্রমী মানুষ, রাতে সবার শেষে সেই বেরোয়। আমি কোনোকিছু করতে গিয়ে ওকে বা প্রতিষ্ঠানকে একদমই বিপদে ফেলতে চাই না। আপাতত বিবাহিত জীবন আর বসে থাকাটাই উপভোগ করছি’-সাফসাফ বলেছেন রানি।
বছর পাঁচেক পর একদম ‘ফাটাফাটি’ কিছু ছবি নিয়ে কাজ করতে চান, সঙ্গে চান সন্তান। শুধু তাই নয়, ‘যখন আমি সেটে যাব তখন ওরা আমার পাশে থাকবে’-এমনই ইচ্ছা তাঁর।
বলিউডে ক্যারিয়ারের প্রথম দিককার সময়ে কয়েকজন মানুষের সাহায্য এবং অনুপ্রেরণায় এতদূর এসেছেন বলে জানান রানি। স্বামী আদিত্য চোপড়া, শাহরুখ খান এবং আমির খানকে ধন্যবাদ জানান রানি। তিনজনই মুকেশ ভাট ও বিক্রম ভাটকে ‘গুলাম’ ছবিতে রানিকে নেওয়ার সুপারিশ করেছিলেন।
একই সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় এবং করন জোহর প্রসঙ্গেও বলেছেন দীর্ঘসময় বলিউড শাসন করা এই অভিনেত্রী। সে সময় করন তাঁকে ওজন কমাতে বলেছিলেন, সে কথা মনে করে হেসেও ফেলেন তিনি। তবে, এখন আর আগের মতো রোল করতে চান না। তার কারণ হিসেবে নিজের বয়সের কথা বলেছেন অকপটে। ‘আমার বয়স ৩৭, বয়স বিশের কোঠায় যেসব চরিত্রে অভিনয় করেছি- তা আর এখন করা মানায় না’, বলেন রানি।
রানি মুখার্জিকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছে গত বছরের অ্যাকশন থ্রিলার ছবি ‘ম্যরদানি’তে। এই ছবিতে রগচটা এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে স্টারডাস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


