ইন্টারনেটের জনপ্রিয় ব্রাউজার ‘ফায়ারফক্স’ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করেছে খোদ এর নির্মাতা প্রতিষ্ঠান মজিলার পক্ষ থেকেই। এ ত্রুটির মাধ্যমে একজন ব্যবহারকারীর কম্পিউটারের তথ্য হাতিয়ে নেয়া সম্ভব বলে জানানো হয়। অবশ্য নিরাপত্তাজনিত সমস্যাটির সমাধানে এরই মধ্যে ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ ‘ফায়ারফক্স ৩৯.০.৩’ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ব্রাউজারটির পুরোনো সংস্করণ ব্যবহারকারীদের আপডেট করে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
ফায়ারফক্সের বিবৃতি অনুযায়ী, যে সব গ্রাহক ডিফল্ট হিসেবে ফায়ারফক্স ব্যবহার করছেন তারা স্বয়ংক্রিয়ভাবে আপডেট সুবিধা পাবেন। স্বয়ংক্রিয় আপডেট অপশন বন্ধ থাকলে সেটিংস থেকে অ্যাবাউট ফায়ারফক্সের মাধ্যমে ম্যানুয়ালি আপডেট করে নেয়ার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, কোডি ক্রুস নামে একজন নিরাপত্তা গবেষক ফায়ারফক্স ব্রাউজারে নতুন একটি বাগ বা ত্রুটি আবিষ্কার করেন। তিনি রুশ একটি নিউজ সাইটের অ্যাড অন ওই বাগের মাধ্যমে গ্রাহক তথ্য ইউক্রেনে অবস্থিত এক সার্ভারে আপলোড করা কথা জানিয়েছেন। মূলত ফায়ারফক্স ব্রাউজারের বিল্টইন ফিচার পিডিএফ ভিউয়ারের নিরাপত্তা ত্রুটির কারণে এটি সম্ভব হচ্ছিল বলে প্রায় এক সপ্তাহ আগেই মোজিলাকে সতর্ক করেছিলেন ক্রুস।
তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার হামলার ঘটনা বেড়েই চলেছে। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাকেন্দ্রীক হামলার সঙ্গে সাধারণ ব্যবহারকারীরা কিছুটা অভ্যস্তই হয়ে গেছেন। তবে শীর্ষস্থানীয় অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় ফায়াফক্সের বাগটি মোকাবেলা করা তুলনামূলক সহজ বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
আইওএস, উইন্ডোজ আর অ্যান্ড্রয়েডে সিকিউরিটি আপডেটের জন্য ব্যবহারকারীদের লম্বা সময় অপেক্ষা করতে হলেও ফায়াফক্সের বাগটি মোকাবেলা করা যাবে ব্রাউজার সফটওয়্যারটি আপডেটের মাধ্যমেই।
সম্প্রতি আবিষ্কৃত বাগটির শিকার হয়েছে মূলত ফায়াফক্সের উইন্ডোজ আর লিনাক্স সংস্করণ।
টেকনোলজি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


