রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুর রব পাংশার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশের দাবি, তিনি ‘ডাকাত সর্দার’।
রোববার দিনগত রাত একটার দিকে পাংশার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নাফের বাঁশ বাগানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, পাংশা থানা পুলিশ ডাকাত সর্দার আব্দুর রবকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নাফের বাঁশ বাগানে যায়। এ সময় রব গ্রুপের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় আব্দুর রবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ ও চারটি কার্তুজের খোশা উদ্ধার করা হয়েছে। এ সময় পাংশা থানার দুই উপ-পরিদশর্কসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হন। ওসি আরও জানান, ডাকাত সর্দার আব্দুর রবের বিরুদ্ধে পাংশা, কালুখালী ও কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি করে ডাকাতির মামলা রয়েছে।
রাজবাড়ী সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


