পাঁচ বছর আগে বাগেরহাটে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার বাগেরহাটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী জানান, ফাঁসির দণ্ডাদেশ পাওয়া মো. বাদশা গাজী (৪৫) মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামে মোতাহার আলী গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে বাদশা। ঘটনার দিনই নিহতের আরেক ছেলে আবদুল হক গাজী তার ভাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওই বছর ২৯ জুন মোড়েলগঞ্জ থানার এসআই গৌতম চন্দ্র আদালতে অভিযোগপত্র দেন। নয়জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত মামলাটির রায় ঘোষণা করেন।


