বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুজিব আদর্শে দেশের ছাত্র-যুব সমাজকে গড়ে তুলতে হবে: আশরাফ

08_Ashraf_Mirpur+Counজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথেই যেতে হবে এবং তার আদর্শে ছাত্র ও যুব সমাজকে গড়ে তুলতে হবে। কেননা তাদের সঠিক ভাবে গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যত অন্ধকার। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ এসব কথা বলেন।

আশরাফ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দেশের ছাত্র ও যুব সমাজকে জানাতে পারলে তারা অবশ্যই জেগে উঠবে। ১৯৭০ সালের নির্বাচনে ছাত্র ও যুব সমাজ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে ব্যাপক ভূমিকা পালন করেছিল। ছাত্র ও যুব সমাজের কথা সে সময় মানুষ বিশ্বাস করত এবং তাদের কথার প্রচুর দাম ছিল।

তখন ছাত্রলীগের কোনো কালিমা ছিল না উল্লেখ করে ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ‘সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক হাতে ছিল আওয়ামী লীগ এবং আরেক হাতে ছিল ছাত্রলীগ। কিন্তু বর্তমানে ছাত্রলীগের ওপর দেশের মানুষের সেই আস্থা ও বিশ্বাস রয়েছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয়।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নসরুল হামিদ বিপু এমপি, খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এমপি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা-দৌলা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন, আলহাজ্ব আব্দুল মালেক এমপি ও সাবিনা ইয়াসমিন তুহিন এমপি।

আরও পড়ুন