বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাইসেন্স ছাড়া কীটনাশকের এলসি খোলা যাবে না: বাংলাদেশ ব্যাংক

busi-20130820-Rajib-111কৃষি ও জনস্বাস্থ্যে ব্যবহৃত কীটনাশক আমদানির জন্য নিবন্ধন ও আমদানি লাইসেন্স না থাকলে সে প্রতিষ্ঠানের পক্ষে এলসি না খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। আমদানি নীতি আদেশে নিষেধাজ্ঞা থাকার পরও অনিবন্ধিত কিছু প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে, সম্প্রতি এ বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় জানতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধেই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কীটনাশক আমদানির ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে নিবন্ধন নেওয়ার বিষয়টি ব্যাংক হয়তো জানতো না। এ কারণে কিছু অনিবন্ধিত প্রতিষ্ঠানের পক্ষে এলসি খোলার ঘটনা ঘটতে পারে। এখন মন্ত্রণালয়ের অনুরোধে ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করা হলো।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপন বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা আমদানি নীতি আদেশ, ২০১২-১৫ এর ২৬(১৪) অনুচ্ছেদ অনুযায়ী, কীটনাশক ও বালাইনাশক আমদানির জন্য ঋণপত্র খোলার আগে আমদানিকারকের কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রয়োজনীয় পণ্য রেজিস্ট্রেশন সনদ ও আমদানি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কথা। একই সাথে এ সংক্রান্ত নথি ব্যাংকের কাছে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। এখন এ নির্দেশনা যথাযথভাবে পরিপালনের পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন