বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় প্রেসক্লাবে ৭৯৫ সদস্যের বাছাই তালিকা প্রকাশ

Press-Club-1 জাতীয় প্রেসক্লাবের নতুন দায়িত্ব পাওয়া কমিটি আবেদন বাছাই করে ৭৯৫ জনের একটি খসড়া বাছাই তালিকা প্রকাশ করেছে। সোমবার ১০ আগস্ট রাত এগারোটার দিকে এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়।

বাছাইকরা এই তালিকা থেকেই পরবর্তীতে প্রেসক্লাবে সদস্য হিসেবে চূড়ান্ত মনোনীত করা হবে।

জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে সদস্য হতে আগ্রহী এতো বিপুল সংখ্যক সদস্যকে প্রাথমিকভাবে বাছাই করা হয়নি। নতুন দায়িত্ব নেওয়া কমিটি সে হিসেবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

এর আগে গত ৩১ মে সদস্য বাছাই কমিটির গঠন করা হয়। নতুন সদস্য অন্তর্ভুক্তিতে উপ-কমিটির প্রধান করা হয় প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুলকে। কমিটির অপর সদস্যরা হলেন শ্যামল দত্ত, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান ও আশরাফ আলী।

 

গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ৩১ ডিসেম্বর কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন নিয়ে দেখা দেয় জটিলতা। তফসিল হলেও নির্বাচন পরিচালনা কমিটি ‘পরিবেশ নেই’ বলে দায়িত্ব পালনে অপরাগতা জানালে ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে ২৭ মে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক সাংবাদিকদের উভয় পক্ষ একটি বৈঠক করে নতুন কমিটি গঠন করে।

মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্যদের অনুপস্থিতে ওই বৈঠকে সভাপতি করা হয় আওয়ামী লীগ সমর্থক মুহাম্মদ শফিকুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয় বিএনপি সমর্থক কামরুল ইসলাম চৌধুরীকে।

১৭ সদস্যের এই কমিটিতে ১০ জন রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ফোরাম থেকে, সাতজন বিএনপি-জামায়াত সমর্থিত ফোরামের।

কমিটিতে অন্যান্য পদে আরো রয়েছেন- আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বিএনপি সমর্থিত সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী। এছাড়া প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত ইলিয়াস খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আশরাফ আলী। কোষাধ্যক্ষর পদ পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কার্তিক চ্যাটার্জী।

মোট ১০ জনের কার্যনির্বাহী সদস্য রয়েছেন- সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবির, খন্দকার মনিরুল আলম, সরদার ফরিদ আহমদ, শামসুল হক দূররানী। এরা সবাই বিএনপি সমর্থিত।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সদস্যরা হলেন- আজিজুল ইসলাম ভূইয়া, মোল্লা জালাল, সাইফুল আলম, শ্যামল দত্ত, হাসান আরেফিন ও শামসুদ্দিন চারু।

কমিটি গঠনের সাধারণ সভায় ক্লাব প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন এবং বিগত কমিটির দুর্নীতি-অনিয়ম তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে। একই সঙ্গে ক্লাবের গঠনতন্ত্র সংশোধন করে সদস্য সংখ্যা এক হাজার থেকে দেড় হাজারে উন্নীত করার প্রস্তাবও পাস হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন