লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে দেড় হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ইতালির নৌবাহিনী এবং কোস্টগার্ডের ৭টি যৌথ অভিযানে লিবিয়া উপকূল থেকে এদের উদ্ধার করা হয়। এর মধ্যে, কেবল একটি অভিযানেই ৭শ’ ৭৫ অভিবাসীকে উদ্ধার করে ইতালি নৌবাহিনীর একটি জাহাজ। তাদের মধ্যে ২শ’ নারী এবং ৪০টি শিশু রয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘের হিসেব মতে এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে সাগরে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার অভিবাসীর। এদিকে, অবৈধ অভিবাসন সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোর জন্য ২শ’ ৬০ কোটি মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের যেসব দেশে অবৈধ অভিবাসীরা পাড়ি জমাচ্ছে সেসব দেশকে আগামী ছয় বছরের জন্য এই অনুদান দেয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


