মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই- একথা আবারো সাফ জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বলেছেন, নির্বাচন যথাসময়েই হবে এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আশরাফ বলেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক বলে কোনো কিছু নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সুযোগ নেই। সম্ভাবনা নেই মধ্যবর্তী নির্বাচনেরও। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালো চলছে। শেখ হাসিনা যথাসময়ে নির্বাচন দেবেন।
খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, কারও জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জন্মদিনের আনন্দ উদযাপন পরের দিনও করা যায়।


