টঙ্গীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. রাজু দেওয়ান (২৮)। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
খবরটি নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী।
টঙ্গী মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) হানানুজ্জামান জানান, সোমবার মধ্যরাতে মো: রাজু দেওয়ান প্রতিদিনের মতো কাজ শেষে টঙ্গী বিসিক শিল্প এলাকার ফকির মার্কেট এলাকার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একদল সন্ত্রাসী তার পথরোধ করে তার ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
নিহত ঝুট ব্যবসায়ীর পিতার নাম মহিউদ্দিন প্রধান।
ব্যবসায়ীক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


