মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলার আসামি তাহাজ্জুল হোসেন ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। সোহেল ওই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। জানান, পুলিশ কনস্টেবল আলাউদ্দীন হত্যার ঘটনায় আসামিদের কললিস্ট চেক করে সোহেলের নাম পাওয়া যায়। তাকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এরইমধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
ওসি আরো জানান, সোহেল কুষ্টিয়ার মিরপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মিরপুরসহ কয়েকটি থানায় মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত ২৪ আগস্ট রাতে গাংনীর সাহেবনগর বাকী মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসের চেক করার সময় কনস্টেবল আলাউদ্দীনকে মাইক্রোবাসে তুলে এনে হাড়াভাঙ্গা মাদ্রাসার সামনে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় মাদক ব্যবসায়ীরা। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


