বুধবার ৪ নভেম্বর ২০২৬

১৫ আগস্টের পুনরাবৃত্তির পরিবেশ সৃষ্টি করবেন না: আশরাফ

Ashraf-11-augক্ষমতায় মোহাবিষ্ট না হয়ে যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘খাই খাই অভ্যাসৎ ত্যাগ করারও আহ্বান জানান তিনি।

পঁচাত্তরের ১৫ অগাস্ট ক্ষমতায় থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনাটি তুলে ধরে জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্বেচ্ছাসেবক লীগের ওই সভায় আশরাফ বলেন, “পনেরোই অগাস্টে বঙ্গবন্ধুকে গভীর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তখনও আমাদের দল ক্ষমতায় ছিল। তাহলে আমাদের দলের নেতা-কর্মীরা তখন কোথায় ছিল? তখন কি আমাদের কোনো ব্যর্থতা ছিল না? কোনো গোয়েন্দা সংস্থা কি এটা জানত না?”

বর্তমানে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতেও ষড়যন্ত্রকারীরা সক্রিয় দাবি করে জনপ্রশাসনমন্ত্রী আশরাফ বলেন, “মাঝে মাঝে আমি আতঙ্কিত হই। বহু শক্তি আছে, মঙ্গল হোক সেটা চায় না। ১৫ অগাস্টের পুনরাবৃত্তি যেন না হয়, আমরা যাতে এমন কোনো পরিবেশ সৃষ্টি না করি, এদিকে আমাদের সজাগ থাকতে হবে।”

এই ধরনের পরিস্থিতি এলে তা মোকাবেলার প্রস্তুতি দলের নেই বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আসুন, আমরা আওয়ামী লীগের পরিবারের সবাই একত্রিত হয়ে সব সময়ের জন্য প্রস্তুত হই। আমার কথাগুলো গুরুত্ব দিলে অনেক কিছু বুঝতে পারবেন।”

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতার স্বাদ পাবেন, খাই খাই অভ্যাস পরিবর্তন করুন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন