নওগাঁর শালুকগ্রামে সিফাত নামে এক শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। বরং মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হুমকি-ধামকি। এতে চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। এছাড়া ক্ষোভের আগুন জ্বলছে গ্রামজুড়ে। চোখের সামনেই হাতুড়ি দিয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আদরের মানিককে। সন্তান হারানোর ব্যথায় বাকরুদ্ধ মা; আর ছেলের ছবি বুকে নিয়ে কেঁদে বেড়াচ্ছেন, বাবা।
সিফাত হত্যার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও; এখন ধরা-ছোঁয়ার বাইরে মামলার মূল আসামি। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতরা বুক উচিয়ে ঘুরছে; তাদের হুমকিও দেয়া হচ্ছে প্রতিনিয়ত। প্রতিবেশিরা বলছেন, বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার জেরে শিশু সিফাতকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী।
আইন শৃঙ্খলাবাহিনী বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে অন্যতম অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি রোকেয়াকে ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে তারা। গত ২৮ জুন বিকেলে পাশের বাড়ির রোকেয়া ও তার ছেলে আল-আমিন পিটিয়ে হত্যা করে পাঁচ বছর বয়সী শিশু সিফাতকে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


