বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের কারাদণ্ড

ruhul-amin-kandakarপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ১২ আগস্ট ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মো. রুহুল আমিন তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন।

২০১১ সালের ৪ অক্টোবর সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও হত্যার হুমকির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন।

রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে হত্যার হুমকি প্রমাণিত হয়নি; তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বলেন, মামলায় ১২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত ওই শিক্ষককে এ দণ্ড দেন।

জানা গেছে, ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত মো. রুহুল আমিন খন্দকার গত রবিবার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন। ওই শিক্ষক ২০০৯ সাল থেকে শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়া রয়েছেন। সেখান থেকে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল, সবাই মরে হাসিনা মরে না কেন?’ এ ছাড়া ওই শিক্ষকের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে ব্যঙ্গ করে আরো কিছু মন্তব্য করা হয়।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন