বুধবার ৪ নভেম্বর ২০২৬

এলজিইডির প্রকৌশলীকে পেটালেন সাংসদ বদি

Bodi_রোহিঙ্গাদের মদদ, ইয়াবা পাচারসহ নানা বিতর্কিত ঘটনায় সমালোচিত কক্সবাজারে আওয়ামী লীগ সাংসদ আব্দুর রহমান বদি এবার এলজিইডি’র প্রকৌশলীকে পিটিয়েছেন। বুধবার ১২ আগস্ট দুপুরে উখিয়া উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভা চলাকালে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এই সাংসদের হাতে এর আগেও মুক্তিযুদ্ধা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেড, বন বিভাগের স্টাফ, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বহু ব্যক্তি মারধর ও লাঞ্চিত হন।

বদির পিটুনি খেয়ে উখিয়া উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজ বলেছেন, ‘সকাল এগারটায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ছিল। এর আগে প্রয়োজনীয় কিছু দাপ্তরিক কাজ সেরে নিতে পাঁচ মিনিট বিলম্ব হয়। এ সময় বদি আমার গালে সজোরে একটি থাপ্পড় মারেন। শার্টের কলার ধরে টানা হেঁছড়া করতে থাকেন। বিলম্বের কারণও জিজ্ঞেস করেন নিন তিনি(সাংসদ)।’

মারধরের কথা প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী।

অবশ্য কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, প্রকৌশলী মিনহাজকে সংসদ সদস্যকে ‘কঠোর বকাবকি’ করেছেন বলে তিনি জেনেছেন।

প্রকৌশলীকে পেটানোর বিষয়ে সংসদ সদস্য বদির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় প্রকৌশলী মিনহাজ অনুপস্থিত থাকার পর তাকে খবর দেওয়া হলেও তিনি দেরি করায় এই কাণ্ড ঘটান সংসদ সদস্য।

বুধবার দুপুর ১২টায় উখিয়া উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা ছিল; যাতে সাম্প্রতিক বন্যা এবং ঝড় কোমেন পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ছিল আলোচ্য সূচি। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য বদি সকাল ১১টায় সভাস্থলে উপস্থিত হয়ে প্রকৌশলী মিনহাজকে অনুপস্থিত দেখে তাকে ডাকতে ইউএনওকে বলেন বলে সেখানে উপস্থিত কর্মকর্তারা জানান।

খবর পাঠালেও মিনহাজ সভায় আসতে দেরি করায় সংসদ সদস্য ইউএনওকে নিয়ে উপজেলা কমপ্লেক্সে প্রকৌশলীর অফিসের দিকে রওনা হন বলে সভায় অংশগ্রহণকারী পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন জানান।

প্রকৌশলী মিনহাজ সাংবাদিকদের বলেন, “সাংসদ অকথ্য ভাষায় গালাগালি করতে করতে আমার অফিসে ঢোকেন। একপর্যায়ে মারধর শুরু করেন।”

বদির দল আওয়ামী লীগের উখিয়া কমিটির সভাপতি হামিদুল হক বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে এমপি বদি কর্তৃক অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করার ঘটনা ঘটেছে বলে আমি কয়েকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি। মূলত উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় যথাসময়ে ওই সরকারি কর্মকর্তা উপস্থিত না হওয়ার কারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে।”

এই বিষয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, লোক দিয়ে ডেকে পাঠানোর পরও সভায় অংশ নিতে দেরি করায় সংসদ সদস্য ইউএনও হিল্লোল বিশ্বাসকে সঙ্গে নিয়ে সহকারী প্রকৌশলী মিনহাজের কার্যালয়ে গিয়ে কারণ জানতে চান। এক পর্যায়ে সাংসদ তাকে কঠোর ভাষায় বকাবকি করেন। এরপর সহকারী প্রকৌশলী সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

এই ঘটনাটিকে ‘দুঃখজনক’ অভিহিত করে জেলা প্রশাসক বলেন, “সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ থাকলে সাংসদ উর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ জানাতে পারতেন।”

তবে ওই সভার গুরুত্বের বিষয়টি তুলে ধরে প্রকৌশলী মিনহাজের দায়িত্বহীনতার কথাও বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, “মিনহাজের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার নানা অভিযোগ রয়েছে।”

এসব অভিযোগ তদন্ত করে ইউএনওকে আগামী সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

বিষয়টি নিয়ে কথা বলতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি, এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন