বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়া জঙ্গিবাদ সৃষ্টির প্রধান কারিগর: তোফায়েল

tofayelবিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে জঙ্গিবাদ সৃষ্টির প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের সৃষ্ট জঙ্গিবাদ দমন করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। কেননা বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলা ভাইয়ের সৃষ্টি এবং মানুষকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তোফায়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা চালিয়েছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে পনর্বাসিত করেছিলেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, আতাউর রহমান আতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

আরও পড়ুন