বুধবার ৪ নভেম্বর ২০২৬

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী আজ

1-untitled-12আজ ১৩ আগস্ট। বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য এক দুঃসংবাদের দিন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মুনীরসহ পাঁচজন। আজ তাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। চার বছর পূর্ণ হলেও এখনও দায়ীদের বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি সড়ক দুর্ঘটনা বন্ধ না হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামসুল হক।

তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের ঘটনায় মানিকগঞ্জ জেলা জজ আদালতে দায়ের করা মামলাটি এখনও শেষ হয়নি। ২০১২ সালের ২১ মার্চ মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়। একমাত্র আসামি ঘাতক বাসের (চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১৪-৪২৮৮) চালক জামিল হোসেন ২০১৩ সালের ১৩ জানুয়ারি জামিনে মুক্তি পান। মামলায় ৩৯ সাক্ষীর ১১ জন এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন। প্রত্যক্ষদর্শী বোমকেশ সরকার, তারেক মাসুদের সহকারী ফারুক হোসেন ও তার স্ত্রী সাথী সরকার মারা গেছেন।

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর দুর্ঘটনার স্থলসহ ঢাকা-আরিচা মহাড়কের ২১টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অবৈধ স্পিডব্রেকার অপসারণ করেছে। বসানো হয়েছে সড়ক বিভাজক। তবে এতেও সমাধান আসেনি। দ্রুত গতিসম্পন্ন অনেক যানবাহন বাঁকে ডিভাইডারের ওপর ওঠে দুর্ঘটনার শিকার হচ্ছে।

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো খ্যাতিমান মানুষের মৃত্যুতে বিচার চললেও অন্যান্য দুর্ঘটনায় বিচার হয় না। পুলিশের হিসাবে ২০১৪ সাল পর্যন্ত ১৫ বছরে ৭০ হাজার মামলা হয়েছে। এর মধ্যে একটিমাত্র মামলায় বিচার হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় মারা যায় ৪৪ শিশু শিক্ষার্থী। দুর্বল আইনের কারণে ঘটনায় ঘাতক ট্রাকের চালক মফিজ উদ্দিনের সাজা হয় ৫ বছর ৯ মাসের কারাদণ্ড। সাজা খেটে এরই মধ্যে মুক্তি পেয়েছেন মফিজ।
গত বছরের ২০ অক্টোবর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নাটোরের বড়াইগ্রামে নিহত হন ৩৭ জন। ১০ মাসেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে বনগ্রাম হাইওয়ে থানার ফুয়াদ রুহানি জানান, এখনও তদন্ত চলছে।
সড়ক দুর্ঘটনা ঠেকাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও তা কথামালাতেই সীমাবদ্ধ। সড়কের নিরাপত্তার সর্বোচ্চ সংস্থা ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’ নিজেই কার্যকর হতে পারছে না। দুই মাস পরপর সভা হওয়ার কথা থাকলেও গত চার বছরে মাত্র চারটি সভা হয়েছে। গত ঈদের আগে-পরে ১০ দিনে ২৪০ জনের প্রাণহানির পর আবার এই ইস্যুতে আলোচনা শুরু হয়।

১০ আগস্ট সর্বশেষ সভায় পুরনো সিদ্ধান্তগুলো আবার নতুন করে নেওয়া হয়েছে। গত বছরের ২১ ডিসেম্বরের সভায় একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৯ মাসেও সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বরং পুরনো সিদ্ধান্তগুলোই নতুন করে নেওয়া হয়েছে। তিন বছরে কাউন্সিলের উপ-কমিটির ৮৬ সুপারিশের মাত্র একটি বাস্তবায়িত হয়েছে। দুর্ঘটনা ইস্যু থিতিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুপারিশ বাস্তবায়নের গতিও কমে আসে। হাইকোর্টের নির্দেশে ৫ আগস্ট থেকে শুরু হয়েছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান। পাঁচ বছরে এমন অভিযান হয়েছে চারটি। কিন্তু ফল হয়েছে শূন্য।

তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে ঢাকা ও ফরিদপুরে কর্মসূচি : তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে আজ ঢাকা ও ফরিদপুরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’। সন্ধ্যা ৬টায় দেখানো হবে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকবে স্মরণ আলোচনা। এতে অংশ নেবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র নির্মাতা জাঈদ আজিজ। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা এবং স্মারক বক্তব্য উপস্থাপন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে ট্রাস্টের আঙিনায় বিকেল ৩টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। এর আগে সকালে তারেক মাসুদের বাড়ির আঙিনায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ট্রাস্টের চেয়ারম্যান তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ ও তার ভক্ত-অনুরাগীরা। এ ছাড়া দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন