বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের সেই পদক নিয়েই ছাড়লেন এরশাদ

Ershad--নামহীন গোত্রহীন একটি পদক। যাকে নিয়ে নানা সমালোচনা। সেই পদক শেষ পর্যন্ত নিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে তৃতীয় বার্ষিক গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি (জিওডি) অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তিনি। বুধবার ১৩ আগস্ট জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তবে কোন বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতিকে পুরস্কার দেওয়া হয় সে বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এছাড়া সংস্থাটির কে বা কারা এ পুরস্কার এরশাদের কাছে হস্তান্তর করেছেন তাদের নামও উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’এ বছর তাদের তৃতীয় বার্ষিক গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি (গড) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত ৫-৭ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএন প্লাজায় অনুষ্ঠিত হয়।

সংস্থাটি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি এ বছর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে।

বিশ্বের ২৫ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে এ পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হলেও অজ্ঞাতকারণে তিনি যুক্তরাষ্ট্রে যাননি। জাতীয় পার্টির পক্ষ থেকে সেখানে পদক গ্রহণ করা হয়। পরে ঢাকায় পদকটি পাঠিয়ে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন