ইরাকের রাজধানী বাগদাদে ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার বাগদাদের অদূরে শিয়া অধ্যুসিত জেলা সদর সিটির জনবহুল একটি সবজি বাজারে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শক্তিশালী এই হামলায় বাজারের দোকানপাট বিধ্বস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, সশস্ত্র সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিকল্পিত এই হামলা চালিয়েছে। অতীতে শিয়া অঞ্চলগুলোয় এ ধরনের হামলার দায় আইএস স্বীকার করেছে।
গত বছর থেকে ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখল ও নিয়ন্ত্রণ করছে আইএস। আইএসের বিধ্বংসী ভূমিকা মোকাবিলায় হিমশিম খাচ্ছে ইরাক সরকার।-রয়টার্স ও আলজাজিরা।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


