বাজ অলড্রিনের কথা মনে আছে? ভুলে যাননি নিশ্চয়ই! যদিও দুর্মুখোরা বলে, দ্বিতীয় হওয়ার কারও কথা মনে রাখে না মানুষ। কিন্তু এই মানুষ যে যেনতেন কেউ না! চাঁদ, নীল আর্মস্ট্রং মনে থাকলে ‘বাজ অলড্রিন’ও আপনার মনে থাকতে বাধ্য।
সেই অলড্রিন হঠাৎ ঘুরে গেছেন বাংলাদেশে। ৮ আগস্ট এসেছিলেন তিনি। যদিও ইমিগ্রেশনের নিয়ম-নীতি কখনই স্বীকার করবে না, তিনি বাংলাদেশে এসেছিলেন। কেননা, ভিসার কারণে যে বাংলাদেশের ভেতরেই ঢুকতে পারেননি অলড্রিন! কী দুর্ভাগা আমরা!
অলড্রিনকে বহন করা জেটটি নয়াদিল্লি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলো কেবলই ‘তেল নেওয়ার জন্য’। গন্তব্য ছিলো ভিয়েতনাম। এয়ারপোর্টে ৩ ঘন্টা ছিলেন বাজ।
অলড্রিনের আচমকা বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে নিজেই লিখেছেন, “ক্যাপ্টেন জুডি রাইসের থিংক গ্লোবাল ফ্লাইটের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষাকে ছড়িয়ে দিতেই ঘুরছি আমি। অন্য শহরে যাওয়ার জন্য ওড়ার অনুমতির অপেক্ষায় বাংলাদেশের টারমাকে পিকনিক করে নিলাম!”
অলড্রিন অ্যাপোলো ১১ মিশনে অংশ নিয়ে দ্বিতীয় ব্যাক্তি হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন ১৯৬৯ সালের ২১ জুলাই।
ড. অ্যাডউইন ইউগিন বাজ অলড্রিন ১৯৩০ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল, পাইলট ও নভোচারী। ৩৯ বছর বয়সে তিনি অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁর মিশন কমান্ডার সদ্য প্রয়াত নিল আর্মস্ট্রংয়ের পর দ্বিতীয় মানব হিসেবে ২১ জুলাই, ১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ব ভ্রমণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


