চক্রান্ত করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেন, একজন নেত্রী (খালেদা জিয়া) যখন বলেন খবর আছে, তার মানে ষড়যন্ত্র চলছে।
বুধবার খালেদা জিয়া আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগের খবর আছে। ক্ষমতায় বেশি দিন নেই। এর জবাবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু: অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন নাসিম। বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন এমএল সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।
মোহাম্মদ নাসিম বলেন, এ খবরের উৎস লন্ডনে আছে। তাই তাড়াহুড়ো করে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, লন্ডনে যান। কিন্তু চক্রান্ত করবেন না। আপনার কারণে নেতাকর্মীরা পালিয়ে ও জেলে আছেন। চক্রান্ত করলে ২০দলীয় জোট নিঃস্ব হয়ে যাবে। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন। তখন আপনাদের সঙ্গে লড়াই হবে।


