বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু খুনীদের দেশে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি সিপিবির

cpbবিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। একই সাথে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উন্মোচন করে, ষড়যন্ত্রের সাথে যুক্ত সকলকে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা বাংলাদেশে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কিত সকল তথ্য-দলিল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।

‘৭২-এর সংবিধানকে অমূল্য সম্পদ ও বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্রাজ্যবাদসহ দেশী-বিদেশী প্রতিক্রিয়াশীল মহলের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হলেও, তার অমর কীর্তি অম্লান আছে ও থাকবে। বঙ্গবন্ধুর অমর কীর্তির মধ্যে অন্যতম হলো মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র- এই চার নীতির ভিত্তিতে প্রণীত ’৭২-এর সংবিধান। নেতৃবৃন্দ শীঘ্রই ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

তারা যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষে দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে অবিলম্বে যুদ্ধাপরাধী দল জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। জাতীয় শোক দিবসে জাতির জনকের আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে নেতৃবৃন্দ নীতি ও আদর্শে অবিচল থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও ধারা সমুন্নত রাখার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন