বুধবার ৪ নভেম্বর ২০২৬

পর্দায় ঝড়ের লক্ষণ ‘তোর আশিকি’

Tor-Ashiqiনানা জল্পনা-কল্পনার মধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার ‘তোর আশিকি’ গানটি। ঈদ-উল-আযহায় মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’। গানে ফারিয়ার উপস্থাপনা ও পারফর্ম্যান্স ঢাকাই সিনেমা ও টালিগঞ্জের নায়িকাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

গানটিতে নুসরাতের সঙ্গে পারফর্ম করেছেন সিনেমার নায়ক অঙ্কুশ হাজরা। প্রসেনের লেখায় স্যাভির সংগীতায়োজনে ‘তোর আশিকি’ গানটি গেয়েছেন জুবিন নটিয়াল।

‘আশিকি’ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রযাত্রা শুরু করছেন নুসরাত। আর তাই আলোচনা চলছে এই নবাগতার কাজকে ঘিরেই।

গানটি দেখে অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা নুসরাতের অ্যাকাউন্টে লিখেছেন, “অনেক সুন্দর হয়েছে। আমার পছন্দ হয়েছে।” নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব লিখেছেন, “মুগ্ধ হলাম।”

নুসরাতের নায়ক অঙ্কুশের ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমার সহ-অভিনেত্রী মেঘলাও নুসরাতের প্রশংসায় মেতেছেন। তিনি লিখেছেন, “এরপর কি আসছে, দেখতে চাই।”

সংগীতশিল্পীদের মধ্যে রিজভি ওয়াহিদ ও শফিক তুহিন ইতিবাচকভাবেই দেখেছেন গানটিকে। তারা মুগ্ধতাই জানিয়েছেন ‘তোর আশিকি’তে। নুসরাতকে উদ্দেশ্য করে শফিক তুহিন লিখেছেন, “অন্যরকম একটি কোরিওগ্রাফি দেখলাম। তোমার পারফরম্যান্সও সত্যি অসাধারণ হয়েছে।” ‘ধনঞ্জয় গুপ্ত’ নিক থেকে বলা হয়েছে, “সত্যি দারুণ। গানটিতে ভিন্ন স্বাদের ছোঁয়া পেলাম।”

তবে সমালোচনাও এসেছে। কারো অভিযোগ, গানটি ভারতীয় সিনেমা থেকে ‘নকল’ করা হয়েছে। কেউ বলছেন, গানটিতে ‘নতুনত্বের কিছু নেই’।
এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ‘আসিফ মাহবুব প্রতীক’ নিক থেকে বলা হয়েছে, “গানের কথা, মিউজিক, কোরিওগ্রাফি কিছুই ভালো লাগে নি।”

‘রিদওয়ান হাসান’ নিক থেকে বলা হয়েছে, “সবকিছু একেবারে ফালতু। মনে হচ্ছে, কোনো ভারতীয় হিন্দি বা বাংলা সিনেমা থেকে নকল করা হয়েছে।”

‘ফাহাদ আহমেদ’ লিখেছেন, “বাজে মিউজিক। খুব বিরক্তিকর। নতুন কিছু করেন এবার। সবসময় তো একই রকম হয়ে যাচ্ছে।”

আলোচনা- সমালোচনার মধ্যেই জানা গেল, খুব শিগগিরই ইউটিউবে সিনেমাটির আরও বেশ কটি গান মুক্তি পাবে। চলে আসবে টিজারও।

এক সাক্ষাৎকারে ‘আশিকি’ সিনেমাটি নিয়ে নুসরাত বলেছিলন, “সিনেমাটি একেবারেই আলাদা। এই সিনেমার দৃশ্য এতই বাস্তবসম্মত করা হয়েছে, দর্শক রীতিমতো চমকে যাবে। তাদের জীবনের বাস্তবকাহিনি, সত্যিকারের প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।”

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন