বুধবার ৪ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাকক্ষের সামনে হাতবোমা বিস্ফোরণ

51_Md-Shahriar-Alam_26022015_02রাজশাহীর চারঘাটে একটি কলেজে সভাকক্ষে বৈঠক চলাকালে কাছেই পরপর দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সরদহ ডিগ্রী কলেজে বৈঠক কক্ষের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট থানার ওসি আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় কলেজের সভা কক্ষে কলেজ পরিচালনা কমিটির বৈঠকে যোগ দেন কমিটির সভাপতি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অধ্যক্ষ নিয়োগ নিয়ে পরিচালনা কমিটির ওই বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন সময়ে সভাকক্ষের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিমন্ত্রীর গাড়ির পাশে বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঘটনার পর শাহরিয়ার আলম বলেন, দীর্ঘ সময় ধরে সরদহ এলাকা জামায়াত-বিএনপি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে রেখেছিল। আতঙ্ক ছড়াতে তারা বোমাহামলা চালিয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন