জাতীয় প্রেসক্লাবে অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে ‘বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেবো না’ এমন স্লোগানে জাতীয় প্রেসক্লাবের লবির দেওয়ালে উন্মোচিত হয় পাথরের ওপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদসহ নেতারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতি জানানো হয় শ্রদ্ধা। দোয়া ও মোনাজাত হয়।
পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, এই জমি (জাতীয় প্রেসক্লাবের) বঙ্গবন্ধু দান করেছেন। এত দিন বারবার উদ্যোগ নেওয়ার পরও এখানে তাঁর প্রতিকৃতি স্থাপন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এবার হলো। এর মধ্য দিয়ে সাংবাদিক সমাজ গ্লানি ও লজ্জা থেকে রেহাই পেল।
এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে বলেন, জাতীয় প্রেসক্লাবের জন্য এ জায়গাটি বঙ্গবন্ধুই দান করেছিলেন। কিন্তু এতোদিন আমরা তার মর্যাদা দিতে পারিনি। এটি ছিল আমাদের জন্য লজ্জার। তিনি বলেন, এ প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা ঘটেছে জাতীয় প্রেসক্লাবে। প্রেসক্লাবের জন্য আজ এক স্মরণীয় দিন।
তিনি আরো বলেন, একটি অপশক্তি দীর্ঘদিন ধরে এখানে ঘাঁপটি মেরে বসেছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি বরাবরই প্রেসক্লাবে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে এদের প্রতিহত করা হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


