বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ভাষণ প্রচার বন্ধ করে দিলেন ওসি

7th_march_mujib_Newsworldbdজাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করছিল বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজারে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ভাষণ প্রচার বন্ধের নির্দেশ দেন। পরে ওসির হুমকি-ধামকিতে নেতাকর্মীরা জাতীয় শোকদিবসের সব আয়োজন বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা বাজারে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ৫ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ শুক্রবার রাত থেকে মাইকে জাতির জনকের ভাষণ প্রচার করছিল। এতে ক্ষিপ্ত হয়ে বামনা থানার উপ-সহপরিদর্শক সিদ্দিকুর রহমান ওই ভাষণ বন্ধ করার জন্য নেতাকর্মীদের হুমকি দেন। পরে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোবাইল ফোনে ভাষণ প্রচার বন্ধ করার নির্দেশ দেন। ওসির হুমকি-ধামকিতে নেতাকর্মীরা জাতীয় শোকদিবসের সব আয়োজন বন্ধ করে দেন।

ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জলিল হোসেন জানান, গুদিঘাটা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙালি ভোজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার রাত থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ চালান তারা। রাত পৌনে ১২টার দিকে উপ-সহপরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বামনা থানার পুলিশের একটি দল অনুষ্ঠানস্থলে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে নিষেধ করেন। এ সময় ওসি ওমর ফারুক তাদের মুঠোফোনে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। যার ফলে শোক দিবসের আয়োজন বন্ধ রাখতে বাধ্য হন স্থানীয়রা।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটুকে ঘটনার বিস্তারিত জানালে ক্ষোভে ফেটে পড়েন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

বামনা থানার অফিসার ইনচার্জ জানান, গুদিঘাটা বাজারে আওয়ামী লীগের দুগ্রুপ একই সঙ্গে শোক দিবসের কার্যক্রম আয়োজন করায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। তাই আইনশৃঙ্খলা ঠিক রাখতে তিনি তাদের আয়োজনে বাধা দেন।

আরও পড়ুন