জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিনের কেক না কেটে ভদ্রতা জ্ঞানের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, “খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে। জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক না কাটা সুখবর।”
শনিবার দুপুরে সিলেটে কবি নজরুল মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী মন্ত্রী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সিলেট-হবিগঞ্জ এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।


