গণজাগরণ মঞ্চ মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, শুধু যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সোনার বাংলা গড়া সম্ভব নয়। হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করতে হবে।
জাতীয় শোক দিবসে শনিবার বিকেলে শাহবাগে জাদুঘরে সমানে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণজাগরণ মঞ্চে ব্যানারে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা; আমরা কি ঠিক পথে?’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
ইমরান বলেন, সোনার বাংলা বিনির্মাণ করতে হলে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শন ধারণ করতে হবে। সেই রাজনৈতিক দর্শন অনুযায়ী কর্মপরিকল্পনা নিতে হবে এবং কাজ করতে হবে। মনের ভেতরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সেই স্পৃহাও থাকতে হবে। তাহলের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।
বড় ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাপিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শোকের দিনে সন্ত্রাসীরা নিজের ছবির পাশে ছোট করে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তাকে খাটো করছে অভিযোগ করে ইমরান বলেন, “আজকে প্রায় দেখবেন রাস্তায় মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ছবির সাথে বিভিন্ন ধরনের ছবি সেঁটে দেওয়ার হচ্ছে। এগুলো কাদের ছবি পাড়া মহল্লায় যারা নানাভাবে সন্ত্রাস করেছে দুর্নীতি ও চাঁদাবাজি করছে তারাই বঙ্গবন্ধুর ছবি ছোট করে দিয়ে তাদের ছবি বড় করে দিচ্ছে। এগুলো বড় করে দিয়ে তারা বঙ্গবন্ধু নাম বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।”
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর দিনে খাবার বিতরণকে ‘কাঙ্গালি ভোজ’ বলায় ক্ষিপ্ত হয়ে ইমরান বলেন, “টেলিভিশনে দেখলাম সারাদেশে বিভিন্ন জায়গার কাঙ্গালি ভোজের কথা বলা হচ্ছে। কাঙ্গালি ভোজ কীসের? এবং কাঙ্গাল কারা? যে বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা করার জন্য তার জীবন দিয়েছেন, সেই বঙ্গবন্ধুর রাজনৈতিক দল তার ছবি ব্যবহার করছে আবার কাঙ্গালি ভোজের কথা বলছে।
“বঙ্গবন্ধুর সোনার বাংলার চেতনায় কাঙ্গাল নামে কোন শব্দ আছে? তিনি তো চেয়েছিলেন দেশ থেকে কাঙ্গাল মুক্ত করার জন্য সকল সুযোগ সুবিধা দিতে।”


