বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু হত্যার পর এই লতিফ সিদ্দিকীই মোশতাক সরকারকে স্বাগত জানায়

Latif_Newsworldbdপঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে খন্দকার মোশতাক আহমদ ক্ষমতা কুক্ষিগত করার পর একে একে নীল নকশা অঙ্কিত হয় জাতীয় জীবনে।

পত্রপত্রিকা নিজস্ব নজরদারিতে প্রকাশ করে মোশতাক সরকার বহির্বিশ্বের কাছে দেশের কর্মকাণ্ড স্বাভাবিক আছে বলে প্রচেষ্টা চালাতে থাকে। প্রতিদিন বিশ্বের কোন কোন দেশ নয়া সরকারকে স্বীকৃতি দিল এবং দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ও সংগঠন যারা নয়া সরকারকে স্বাগত অভিনন্দন জানিয়েছে তা ফলাও করে প্রকাশ করা হতো।

’৭৫-এর ১৯ আগস্টের কার্যক্রম নিয়ে ২০ আগস্টের দৈনিক বাংলার উল্লেখযোগ্য খবরগুলো প্রকাশ করা হলো।

প্রতিদিনকার মতো এ দিনেও ‘সর্বস্তরের জনগণের অভিনন্দন’ শিরোনামে খবর প্রকাশ হয়। খবরে বলা হয়- মঙ্গলবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি মারফত নয়া সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করা হয়। অধ্যক্ষ হুমায়ূন খালিদ এমপি এবং জনাব আবদুল লতিফ সিদ্দিকী এমপি নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এনার খবরে প্রকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি এক জরুরি বৈঠকে মিলিত হয়ে নয়া সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও অভিনন্দন জানিয়ে সরকারকে আন্তরিক সহযোগিতা প্রদানে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ হিমাগার কর্মচারী ইউনিয়ন, বিমা কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ-জয়দেবপুর আঞ্চলিক শাখা ইত্যাদি অভিন্দন জানান।

দৈনিক বাংলার প্রধান খবর ছিল- ‘ব্যাপক মার্কিন সাহায্য অব্যাহত থাকবে’ শিরোনামে। খবরে বলা হয়- যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারকে বিপুল সাহায্য দান অব্যাহত রাখবে বলে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক ঘোষণায় জানানো হয়। পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, অতীতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে ইচ্ছুক। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নয়া সরকারকে স্বীকৃতি দিতে প্রস্তুত, কিন্তু ঢাকা কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো অনুরোধ আমরা পাইনি।

‘মন্ত্রিপরিষদের বৈঠক’ শিরোনামের খবরে কতিপয় গুর“ত্বপূর্ণ বিষয়ের ওপর গতকাল রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। মন্ত্রিপরিষদের বৈঠকে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ সভাপতিত্ব করেন এবং বৈঠক অধিক রাত পর্যন্ত চলে বলে প্রকাশ হয়।

অপর এক খবরের শিরোনাম- ‘রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি’। বিস্তারিত খবরে বলা হয়- ওয়াকিবহাল মহল থেকে জানা গেছে, রাজনৈতিক কার্যকলাপের জন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা হয়রানির কোনই কারণ নেই। এবং বর্তমানে যে অহেতুক সংশয় বিরাজ করছে তার মূলেও কোনো ভিত্তি নেই। পনের আগস্টের পর সরকার প্রতিটি দেশবাসীর কাছে স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজেদের কর্তব্য কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ঘনিষ্ঠ মহল একথা উল্লেখ করেন, দুর্নীতির জোয়ারে কালোটাকার পাহাড় সৃষ্টি করে যারা নিজেদের ভাগ্য গড়েছে এবং যাদের সমাজবিরোধী কার্যকলাপের জন্যে আপামর জনসাধারণের জীবনে দুর্যোগ নেমে এসেছে, সেই সমাজবিরোধী ও দুর্নীতিবাজদের বির“দ্ধে কঠোর অভিযান চলবে।

বাংলাদেশের নয়া সরকারকে ইরান স্বীকৃতি দিয়েছে বলে তেহরান থেকে জানানো হয়েছে। সন্ধ্যায় কাতার পররাষ্ট্র দফতর বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে একথা জানান বলে দোহা থেকে বাসস পরিবেশিত খবরে ‘ইরান ও কাতারের স্বীকৃতি’ শিরোনাম থেকে জানা গেছে।

গ্যাবনের জাতীয় দিবসে রাষ্ট্রপতির অভিনন্দনবার্তা পাঠিয়ে নয়া রাষ্ট্রপতি বলেছেন যে, বাংলাদেশ ও গ্যাবনের মধ্যে বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত থাকবে।

সান্ধ্য আইন শিথিল হওয়ার পর থেকেই চট্টগ্রামে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। ‘কর্মব্যস্ত চট্টগ্রাম ও চালনা বন্দর’ শিরোনামের এ খবরে আরও প্রকাশ করে যে, বন্দর থেকে গতকাল ৯৪০ টন খাদ্যশস্য দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। ১২শ ট্রাকযোগে ১৮শ টন খাদ্যশস্য দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। এদিকে চালনাবন্দরে ১৮টি জাহাজ নোঙর করেছে। রপ্তানিযোগ্য পাটজাত দ্রব্য বোঝাই একটি ভারতীয় জাহাজ আজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলছে। দেশের সর্বত্র শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে স্বাভাবিকভাবে কাজ চলছে। শিক্ষার্থীরা যথাযথভাবে ক্লাসে যোগ দিচ্ছে।

এদিকে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত মুখ্য খবর- ‘ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইটের জন্য উন্মুক্ত’ শিরোনামে বলা হয়, বিমানবন্দর গতকাল হইতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান চলাচলের জন্য খুলিয়া দেওয়া হইয়াছে বলে সরকারের জনৈক মুখপাত্র জানান। বাংলাদেশ বিমানের পক্ষ হইতে জানানো হইয়াছে যে, বাংলাদেশ বিমান আজ হইতে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে নিয়মিতভাবে পুনরায় চলাচল শুরু করিয়াছে।

‘চাউল ও বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস পাইয়াছে’ বলে গতকাল ব্যবসায়ী মহল আশা প্রকাশ করিয়াছে বলে খবরে বলা হয়। এক সপ্তাহের ব্যবধানে চাউলের মূল্য মণপ্রতি ২০ টাকা হইতে ৩০ টাকা হ্রাস পাইয়াছে। বাজারে চাউলের আমদানিও পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাইয়াছে। গতকাল বাদামতলী ঘাটে পাইকারী বাজারে চাউলের মণপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ দর যথাক্রমে ২১০ টাকা। খুচরা বাজারে বিক্রয় হইয়াছে ৪ টাকা হইতে সাড়ে ৫টাকা সের। এছাড়া মূল্য হ্রাস পাইয়াছে সুতি কাপড়ের। শতকরা ২০ ভাগ থেকে ৪০ ভাগ পর্যন্ত হ্রাস পাইয়াছে। যেমন : ৩০ টাকার লুঙ্গি ২০ টাকায়, ৭০ টাকার শাড়ি ৫০ টাকায় ইত্যাদি।

২০ আগস্ট ১৯৭৫-এর পত্রিকার পাতা থেকে সংকলন-
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন