বুধবার ৪ নভেম্বর ২০২৬

আশায় বুক বাঁধছে বিএনপি

bnp-flagসম্প্রতি হাইকোর্টের দেয়া নির্বাচনী রুপরেখা নিয়ে আশায় বুক বাঁধছে সংসদে বাহিরে থাকা দেশের প্রধান বিরোধী দল বিএনপি। যদিও হাইকোর্টের রূপরেখা বাস্তবায়নযোগ্য নয় বলে দাবি করেছেন দলটির নেতারা। তারা মনে করছে, বিরোধী দল আন্দোলনে না থাকার পরও সরকারের ভেতর সংকট ঘনীভূত হচ্ছে।

নির্বাচনকালীন অন্তবর্তী সরকার নিয়ে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাস্তবভিত্তিক এবং প্রয়োগযোগ্য নয় বলে দাবি করে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, রায়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পর্যবেক্ষণে জনগণের অন্তর্নিহিত ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

রোববার বিকেলে বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিপন এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে কোনো আলোচনা হচ্ছে বলে তারা শুনেননি। কারও জন্মদিন পালন একান্ত ব্যক্তিগত বিষয়। বিএনপির চেয়ারপারসন কখনো ঘটা করে জন্মদিন পালন করেন না। তবে নেতা-কর্মীদের আবেগকে প্রাধান্য দিয়ে তিনি আয়োজনে অংশ নিয়ে থাকেন।

রিপন আরো বলেন, ‘শাসক দলের ইনফাইটিংয়ে প্রতিনিয়ত নিজেদের নেতাকর্মী মরছে। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। দেশে সর্বত্র খাই খাই অবস্থা বিরাজ করছে। যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছেন।’

চাটার দল থেকে বের হতে সরকার ও আওয়ামী লীগের মতো একটি পুরনো দলকে বিএনপি সহযোগিতা করতে চায় এমনটা জানিয়ে রিপন বলেন, ‘সরকারকে সংকট থেকে বের করে আনতে বিএনপি সুযোগ করে দিতে চায়। তা হলো সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন।’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

 

আরও পড়ুন