বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড্ডার ট্রিপল মার্ডারে জড়িতরা সনাক্ত

murderরাজধানীর বাড্ডায় গুলি করে আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে।শিগগিরই তাদের গ্রেপ্তার করা যাবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

রোববার বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘বিশ্বস্ত গুপ্তচর ও প্রযুক্তি ব্যবহার করে ওই ঘটনায় যারা জড়িত, তাদের কয়েকজনের নাম জানা গেছে। তারা কী কারণে তিনজনকে গুলি করে হত্যা করেছে, গ্রেফতারের পর তা সুস্পষ্টভাবে জানা যাবে।’

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার আদর্শনগর পাম্পের কাছে আড্ডাস্থলে হামলা চালিয়ে হত্যা করা হয় ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা এবং উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিককে।

হত্যাকাণ্ডের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে কারও নাম উল্লেখ না করা হয়নি। আসামিদের ধরতে জোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন