ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু কোনো দলের নন, বঙ্গবন্ধু সবার এবং সার্বজনীন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দেখানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কেবল একটি রাজনৈতিক নাম নয়, বঙ্গবন্ধু বাঙালির জাতিসত্তা বহন করে। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে নিজের দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। আপনাদের পদমর্যাদাকে অস্বীকার করা হয়।
তিনি বলেন, আপনারা যারা সরকারি চাকরি করেন, তারা রাজনীতি করতে পারেন না। কিন্তু বঙ্গবন্ধু আমাদের রাজনীতির ঊর্ধ্বে, তিনি কোনো দলের নন। তিনি আমাদের সবার। আমাদের জাতির পিতা। তাকে যথাযথ সন্মান দিলে তবেই তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এবিএম হুমায়ন, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনোয়ার হোসেনসহ অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানগণ বক্তৃতা করেন।
পরে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।


