শিক্ষার্থী না পাওয়া ১৩৯টি কলেজ বন্ধের চিন্তা করছে সরকার। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেয়া হবে। এ কথা জানিয়েছেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক। তিনি বলছেন, শিক্ষার মান ধরে রাখতে এই ব্যবস্থা চলমান থাকবে।
৩৯, কাকরাইল, ঢাকা। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে এই ঠিকানা দেয়া প্রিমিয়ার কলেজের নামে। কিন্তু সেখানে কলেজটির কোনো অস্তিত্ব নয়। বরং বোর্ড ঝুলছে, সেডস ইউনিভার্সিটি কলেজ নামে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। যা এখনও অনুমোদনের প্রত্যাশায় রয়েছে। এ বছর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরুর পর এমন শিক্ষা প্রতিষ্ঠানের নজির মিলেছে আরো বেশ কয়েকটি।
এছাড়া, কাগজে-কলমে কলেজ থাকলেও শিক্ষা কার্যক্রম না চলা প্রতিষ্ঠানের নামও বেরিয়ে এসেছে একে একে। ফলে শিক্ষার্থী পায়নি একজনও। ৮টি শিক্ষা বোর্ডে এ সব কলেজের সংখ্যা ৫৯টি। কারিগরিতে ৭২ আর মাদরাসা বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৮টি। এমন অনিয়ম রোধে তাই এবার বেশ কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঢাকা বোর্ডের এই কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরে অনিয়মের কারণে এমন অবস্থার তৈরি হয়েছে। তবে ভর্তি প্রক্রিয়ার নতুন এই পদ্ধতিতে এখন আর সেই অনিয়ম জেইয়ে রাখার সুযোগ নেই।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


