বিজ্ঞান কল্পকাহিনিত্তিক ভৌতিক সিনেমা ‘স্টোরি অব সামারা’ ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ। ভারটেক্স প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি চলচ্চিত্র নির্মাতা রিকিয়া মাসুদো।
দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প । ভিন গ্রহ থেকে আসা অশুভ শক্তির হাত থেকে মানব সভ্যতাকে বাঁচাতে এক হয় পাঁচ তরুণ। সম্মিলিতভাবে তারা মোকাবেলা করে অশুভের।
এই চলচ্চিত্রের মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে সিবা আলী খানের। সিবা বলেন, “২০০৯ সাল থেকে আমি র্যাম্পে হাঁটছি। অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয় অনেক আগেই। বিশেষ করে চলচ্চিত্রের প্রতি। এ জন্য নিজেকে প্রস্তুত করতে থাকি। আমি ‘স্টোরি অব সামারা’ সিনেমাটির গল্প শুনে রোমাঞ্চিত হই। গল্পটি এতই ভালো লাগে যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলি। তাছাড়া আমি বরাবরই সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি সিনেমার ভক্ত।”
“জানতাম চলচ্চিত্র অনেক বড় ব্যাপার। কিন্তু সেটা যে এত বড় তা এর আগে বুঝে উঠতে পারিনি। নিজেকে অভিনয়ের জন্য শুধু প্রস্তুত করলেই হয় না, ভালো নাচ, অ্যাকশনও জানতে হয়। এই সিনেমাটি করতে এসেই আমাকে এসবের ঠিকঠাক তালিম নিতে হয়েছে।”
নির্মাতা রিকিয়া মাসুদো বলেন, “সায়েন্স ফিকশন সিনেমাতে পোস্ট প্রোডাকশনের প্রচুর কাজ থাকে। গ্রাফিক্স এন্ড অ্যানিমেশনের প্রচুর কাজ থাকে, যা অত্যন্ত ব্যয়বহুল। তা ছাড়া সিনেমা নির্মাণকালে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। দর্শক প্রেক্ষাগৃহে ঢুকলেই ব্যাপারটা বুঝতে পারবেন।”
সিনেমাটির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন হক ও ইমরান। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী ও কর্নিয়া। আবহ সংগীতের দায়িত্বে ছিলেন শওকত আলী ইমন।
বড় তারকা না থাকা সত্বেও ‘স্টোরি অব সামারা’র নির্মাণ ব্যয় দেড় কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করছে ভারটেক্স।


