দেশের স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত–প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন,’তিনি যদি দেশের স্বার্থে পদত্যাগ করে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করে দেন। তাহলে দেশে শান্তি ফিরে আসবে।’
সোমবার সকালে পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আইনগত ভিত্তি থাকলেও, নৈতিক ভিত্তি না থাকায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
চাঁদপুরের কচুয়ায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে চাঁদা না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হামলার নিন্দা জানিয়ে রিপন বলেন, কোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না।
এক প্রশ্নের জবাবে রিপন বলেন, দেশে একটি অবাধ নির্বাচন প্রয়োজন, তা বাংলাদেশের বন্ধু রাষ্ট্ররা সরকারকে সব সময় মনে করিয়ে থাকেন। তবে সরকার যদি জেগে ঘুমায় তাহলে করার কিছু নেই। বিএনপি তাদের দাবি জানিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি বারবার সরকারকে বলে আসছে, বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনায় বসতে, আলোচনার ভিত্তিতে আগামী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


