বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের বিরোধীরাই সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করিয়েছে: গণজাগরণ

সরকারের ভেতরে থাকা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার করিয়েছে বলে অভিযোগ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন- সরকারের ভেতরে ও বাইরে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লোকজন রয়েছেন, তারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে প্রবীর সিকদারকে গ্রেপ্তার করিয়েছে।

সোমবার বিকেলে সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশ থেকে তিনি এ অভিযোগ করেন।

সরকারকে অবশ্যই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, এমন দাবি জানিয়ে ইমরান বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাচ্ছে সরকার কী তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে, নাকি যুদ্ধাপরাধীদের রক্ষা করবে।

সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সাংঘর্ষিক মনোভাব ফুটে উঠেছে- দাবি করে গণজাগরণের এই মুখপাত্র বলেন, সরকার একদিকে নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক দাবি করে। সব সময় যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে। অন্যদিকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য সাংবাদিক প্রবীর সিকদারের মতো ব্যক্তিরা যখন যুদ্ধাপরাধীদের সবার সামনে এনে বিচারের দাবি জানাচ্ছে, তখন তাদের গ্রেফতার করছে। এতে সরকারের সাংঘর্ষিক মনোভাবই ফুটে উঠেছে, যা আমাদের উদ্বিগ্ন করছে।

অবিলম্বে প্রবীর সিকদারের মামলা তুলে তার মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতাবিরোধী সব আইন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। এই দাবি মানা না হলে দাবি আদায়ের লক্ষে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন